ইসলামি মাসায়েল

স্বামী বিদেশে অবস্থান করলে স্ত্রীর কোথায় থাকা শরিয়তসম্মত—শ্বশুরবাড়িতে, নাকি বাবার বাড়িতে?

প্রশ্ন নং ৫৬:

স্বামী বিদেশে অবস্থান করলে স্ত্রীর কোথায় থাকা শরিয়তসম্মত—শ্বশুরবাড়িতে, নাকি বাবার বাড়িতে?

একজন নারীর বয়স ১৮ বছর। বিয়ের সাত মাস পর তাঁর স্বামী বিদেশে চলে যান। স্ত্রী কঠোরভাবে পর্দা মেনে চলেন। কিন্তু গ্রামে শ্বশুরবাড়িতে অবস্থান করলে যথাযথ পর্দা রক্ষা করা সম্ভব হয় না। অন্যদিকে, তাঁর বাবা-মা অসুস্থ এবং তাঁদের দেখাশোনা করার মতো অন্য কোনো সন্তানও নেই।

এ অবস্থায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন চান, স্ত্রী শ্বশুরবাড়িতেই থাকুন। অন্যথায় স্বামী আরেকটি বিয়ে করবেন বলে জানিয়েছেন। কিন্তু স্ত্রী চান, স্বামী বিদেশে থাকা অবস্থায় তিনি পর্দা রক্ষা করে অসুস্থ বাবা-মায়ের কাছে বাবার বাড়িতে থাকবেন।

এমতাবস্থায়, স্ত্রীর জন্য শ্বশুরবাড়িতে থাকা কি বাধ্যতামূলক, নাকি তিনি বাবার বাড়িতে থাকতে পারবেন? এ ক্ষেত্রে স্বামী, স্ত্রী ও উভয় পরিবারের করণীয় কী?

উত্তর

বিসমিল্লাহির রহমানির রহীম

স্ত্রীর জন্য উপযুক্ত ও নিরাপদ আবাসনের ব্যবস্থা করা স্বামীর দায়িত্ব। স্ত্রী যদি স্বামীর আত্মীয়দের সঙ্গে যৌথভাবে বসবাস করতে অনিচ্ছুক হয়, তাহলে তাকে তাদের সঙ্গে বসবাসে বাধ্য করা যাবে না; বরং তার জন্য স্বতন্ত্র আবাসনের ব্যবস্থা করতে হবে। বিশিষ্ট ফকীহ আল্লামা আলাউদ্দীন কাসানী রহ. বলেন,

وَلَوْ أَرَادَ الزَّوْجُ أَنْ يُسْكِنَهَا مَعَ ضَرَّتِهَا أَوْ مَعَ أَحْمَائِهَا كَأُمِّ الزَّوْجِ وَأُخْتِهِ وَبِنْتِهِ مِنْ غَيْرِهَا وَأَقَارِبِهِ فَأَبَتْ ذَلِكَ؛ عَلَيْهِ أَنْ يُسْكِنَهَا فِي مَنْزِلٍ مُفْرَدٍ؛ لِأَنَّهُنَّ رُبَّمَا يُؤْذِينَهَا وَيَضْرِرْنَ بِهَا فِي الْمُسَاكَنَةِ.

অর্থ: স্বামী যদি স্ত্রীকে তার সতীন অথবা স্বামীর আত্মীয়—যেমন স্বামীর মা, বোন, অন্য স্ত্রীর কন্যা ও অন্যান্য আত্মীয়ের সঙ্গে বসবাস করাতে চান, আর স্ত্রী তাতে সম্মত না হয়, তাহলে স্বামীর ওপর তাকে পৃথক আবাসনে রাখা আবশ্যক। কারণ, তাদের সঙ্গে বসবাসের কারণে স্ত্রী কষ্ট ও ক্ষতির শিকার হতে পারে।
[বাদায়েউস সানায়ে, ৪/২৩]

তবে স্বতন্ত্র আবাসন বলতে এমন পৃথক বাসস্থান বোঝায়, যেখানে স্ত্রী নিরাপদে ও গোপনীয়তা বজায় রেখে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারেন। বর্তমান সময়ে এর মধ্যে প্রয়োজনীয় ওয়াশরুম, রান্নাঘর ইত্যাদি সুবিধাও অন্তর্ভুক্ত। মোল্লা আলী কারী রহ. বলেন,

(وبيت مفرد من دار له) أي لذلك البيت (غلق) ومرافق (كفاها) لحصول مقصودها

অর্থ: যদি স্বামী তাকে ঘরের একটি পৃথক অংশে বসবাস করান, যার নিজস্ব দরজা ও প্রয়োজনীয় আনুষঙ্গিক সুবিধা রয়েছে, তবুও তা তার জন্য যথেষ্ট হবে; কারণ এতে তার উদ্দেশ্য পূর্ণ হয়ে যায়। [ফাতহু বাবিল ইনায়া, ৩/৪৫০]

বিয়ের পর স্ত্রীর জন্য স্বামী কর্তৃক নির্ধারিত উপযুক্ত আবাসস্থলে বসবাস করা আবশ্যক। শরিয়তসম্মত কোনো ওজর ছাড়া সেখানে বসবাসে অস্বীকৃতি জানালে সে অবাধ্য বলে গণ্য হবে। তবে স্বামী যদি নিরাপদ ও পর্দাবান্ধব আবাসনের ব্যবস্থা করতে না পারেন, তাহলে তা ব্যবস্থা না হওয়া পর্যন্ত স্ত্রী বাবার বাড়িতে অবস্থান করতে পারবেন।

স্ত্রীর জন্য স্বতন্ত্র আবাসনের ব্যবস্থা না করে শ্বশুরবাড়িতে থাকার জন্য চাপ প্রয়োগ করা সমীচীন নয়। বরং স্বামী-স্ত্রীর পারস্পরিক বোঝাপড়া ও সদাচরণের মাধ্যমে দাম্পত্য সমস্যার সমাধান করা উচিত। কেননা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

لَا يَفْرَكْ مُؤْمِنٌ مُؤْمِنَةً، إِنْ كَرِهَ مِنْهَا خُلُقًا رَضِيَ مِنْهَا آخَرَ

অর্থ: কোনো মুমিন পুরুষ যেন কোনো মুমিন নারীকে ঘৃণা না করে। তার কোনো একটি স্বভাব অপছন্দ হলে, তার অন্য একটি স্বভাব তার পছন্দনীয় হবে।
[সহীহ মুসলিম, ১৪৬৯]
অতএব, শ্বশুরবাড়িতে শরিয়তসম্মত পর্দা ও নিরাপত্তা নিশ্চিত না হলে স্ত্রীকে সেখানে বসবাসে বাধ্য করা যাবে না; বরং স্বামীর দায়িত্ব হলো তার জন্য স্বতন্ত্র ও উপযুক্ত আবাসনের ব্যবস্থা করা। পরবর্তীতে উপযুক্ত আবাসনের ব্যবস্থা হলে শরিয়তসম্মত ওজর ছাড়া বাবা-মায়ের বাড়িতে অবস্থান করা জায়েয হবে না।

দ্রষ্টব্য:
সহীহ মুসলিম, ১৪৬৯
ফাতহু বাবিল ইনায়া, ৩/৪৫০
বাদায়েউস সানায়ে, ৪/২৩


আল্লাহু আলাম

উত্তরদাতা
আসাদুল্লাহ নাঈম
কুরআন ও তাফসির, দাওয়াহ, ফিকহ ও ফতোয়া
পরিবার ও দাম্পত্য জীবন
পরিসংখ্যান
৫৬
প্রশ্ন নম্বর
১৮৬
দেখেছেন
২১ অক্টোবর, ২০২৬
প্রকাশিত
? প্রশ্ন করুন