ইসলামি মাসায়েল

হোম কেয়ার সার্ভিসে চাকরি করে উপার্জান করা কি বৈধ?

প্রশ্ন নং ৯৬:

হোম কেয়ার সার্ভিসে চাকরি করে বেতন গ্রহণের শরয়ি বিধান কী? এ চাকরিতে রোগী ও বয়স্ক ব্যক্তিদের দেখাশোনা, খাবার খাওয়ানো, ওষুধ গ্রহণে সহযোগিতা, গোসল করানো, পোশাক পরিবর্তন এবং দৈনন্দিন প্রয়োজন পূরণে সহায়তা করতে হয়। কখনো বিপরীত লিঙ্গের ব্যক্তির সেবাও করতে হয়। এ ধরনের চাকরি করা এবং এর বিনিময়ে বেতন গ্রহণ করা কি জায়েজ?

উত্তর

বিসমিল্লাহির রহমানির রহিম

শরিয়তসম্মত কাজের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করা জায়েজ। সুতরাং, রোগী ও বয়স্ক ব্যক্তিদের দেখাশোনা, খাবার খাওয়ানো, ওষুধ গ্রহণে সহযোগিতা এবং দৈনন্দিন প্রয়োজন পূরণে সহায়তা করার বিনিময়ে বেতন গ্রহণ করাও জায়েজ। তবে এ কাজের ক্ষেত্রে শরিয়তের বিধিবিধান মেনে চলতে হবে।
ফাতাওয়া আল-হিন্দিয়্যাহ গ্রন্থে বলা হয়েছে—

قَالَ عُلَمَاؤُنَا رَحِمَهُمُ اللَّهُ تَعَالَى يُكْرَهُ لِلرَّجُلِ أَنْ يَسْتَأْجِرَ حُرَّةً أَوْ أَمَةً يَسْتَخْدِمُهَا وَيَخْلُوَ بِهَا لِأَنَّ الْخَلْوَةَ بِالْأَجْنَبِيَّةِ مَنْهِيٌّ عَنْهَا.

অর্থ: আমাদের ফকিহগণ রহিমাহুমুল্লাহ বলেছেন, কোনো পুরুষের জন্য কোনো স্বাধীন নারী বা দাসীকে সেবার কাজে নিয়োগ করে তার সঙ্গে নির্জনে অবস্থান করা মাকরূহ; কেননা পরনারীর সঙ্গে নির্জনে থাকা নিষিদ্ধ।
—আল-ফাতাওয়া আল-হিন্দিয়্যাহ, কিতাবুল ইজারাহ, বাবুল ইস্তিজার লিল-খিদমাহ, ৪/৪৯০, দারুল কুতুবিল ইলমিয়্যাহ সংস্করণ।
সুতরাং, হোম কেয়ার সার্ভিসে একই লিঙ্গের রোগীর সেবা করা উচিত। তবে বিপরীত লিঙ্গের ব্যক্তির সেবা অপরিহার্য হলে প্রয়োজনের সীমার মধ্যে সেবা করা যাবে। এ ক্ষেত্রে নির্জনে অবস্থান, অপ্রয়োজনীয় স্পর্শ এবং সতর দেখা থেকে বিরত থাকতে হবে।
অতএব, হোম কেয়ার সার্ভিসের কাজগুলো শরিয়তসম্মত পন্থায় সম্পাদন করা সম্ভব হলে এ চাকরি করা এবং এর বিনিময়ে বেতন গ্রহণ করা জায়েজ। তবে চাকরির দায়িত্ব পালনে শরিয়তবিরোধী কোনো কাজ করতে হলে সে ক্ষেত্রে সংশ্লিষ্ট পরিস্থিতি অনুযায়ী শরয়ি বিধান নির্ধারিত হবে।

আল্লাহু আলাম

উত্তরদাতা
আসাদুল্লাহ নাঈম
কুরআন ও তাফসির, দাওয়াহ, ফিকহ ও ফতোয়া
লেনদেন ও ব্যবসা বাণিজ্য
পরিসংখ্যান
৯৬
প্রশ্ন নম্বর
১২
দেখেছেন
২২ অক্টোবর, ২০২৬
প্রকাশিত
? প্রশ্ন করুন