অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার ও বিগত দিনের বিদ্যুতের মূল্য পরিশোধের বিধান
প্রশ্ন নং ৬৪:
আমাদের বাসায় বৈধ প্রক্রিয়ায় নেওয়া একটি বিদ্যুৎ মিটারের পাশাপাশি অবৈধভাবে আরেকটি বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছিল। ওই অবৈধ সংযোগের কোনো বিল পরিশোধ করা হয়নি। বাসার মোটর ও অন্যান্য ভারী বৈদ্যুতিক যন্ত্রপাতি চালানোর জন্য এই সংযোগটি ব্যবহার করা হতো। বর্তমানে আমরা বুঝতে পেরেছি যে, এভাবে বিদ্যুৎ ব্যবহার করা অন্যায় ও গুনাহের কাজ হয়েছে। এখন আমাদের করণীয় কী?
উত্তর
বিসমিল্লাহির রহমানির রহীম
অনুমতি ও বিল পরিশোধ ছাড়া অবৈধ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করা শরিয়তে নাজায়েয ও গুনাহের কাজ। এভাবে বিদ্যুৎ ব্যবহার করা সরকারি সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করার শামিল।
আল্লাহ তাআলা ইরশাদ করেন,
وَلَا تَأْكُلُوا أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ
অর্থ: “তোমরা পরস্পরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না।” [সূরা আল-বাকারা, ১৮৮]
ফকিহগণ বলেন,
لَا يَجُوزُ التَّصَرُّفُ فِي مَالِ غَيْرِهِ بِلَا إِذْنِهِ وَلَا وِلَايَتِهِ
অর্থ: “অন্যের সম্পদে তার অনুমতি বা কর্তৃত্ব ছাড়া হস্তক্ষেপ করা জায়েয নয়।” [রদ্দুল মুহতার ৯/২৯১]
অন্যায়ভাবে আত্মসাৎ করা সম্পদ মালিককে ফিরিয়ে দেওয়া ওয়াজিব। আর তা বিদ্যমান না থাকলে তার মূল্য পরিশোধ করতে হবে। [ফিকহুল বুয়ূ‘, ২-১/১০০২; আল-ফিকহুল ইসলামী ওয়া আদিল্লাতুহু, ১০/৭৯৪৫]
অতএব, প্রশ্নোক্ত ক্ষেত্রে অবৈধ সংযোগ অবিলম্বে বিচ্ছিন্ন করে অতীতে ব্যবহৃত বিদ্যুতের আনুমানিক মূল্য সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে পরিশোধ করতে হবে। সঠিক পরিমাণ জানা না থাকলে যন্ত্রপাতির লোড ও ব্যবহারের সময় বিবেচনা করে সতর্কতাস্বরূপ কিছু বেশি হিসাব করবেন। পাশাপাশি আল্লাহ তাআলার কাছে আন্তরিকভাবে তওবা ও ইস্তিগফার করতে হবে এবং ভবিষ্যতে বৈধ সংযোগ ছাড়া বিদ্যুৎ ব্যবহার থেকে বিরত থাকতে হবে। কোনো কারণে কর্তৃপক্ষকে মূল্য পরিশোধ করা অসম্ভব হলে মালিকের পক্ষ থেকে নিজের সওয়াবের নিয়ত ছাড়া সদকা করে দিতে হবে।
দ্রষ্টব্য:
সূরা আল-বাকারা, ১৮৮]
রদ্দুল মুহতার, ৯/২৯১;
ফিকহুল বুয়ূ‘, ২-১/১০০২;
আল-ফিকহুল ইসলামী ওয়া আদিল্লাতুহু, ১০/৭৯৪৫।
বানূরী টাউন, ফতোয়া নং ১৪৪৫০৮১০২২৬৬,
দারুল উলূম দেওবন্দ, ফতোয়া নং ১৬৯৩৩০।
আল্লাহু আলাম
উত্তরদাতা
পরিসংখ্যান
৬৪
প্রশ্ন নম্বর
১৫
দেখেছেন
১৭ নভেম্বর, ২০২৬
প্রকাশিত