প্রশ্ন নং ১২৫: আমাদের মসজিদের নামে কয়েকটি জায়গা ওয়াকফকৃত। এর মধ্যে মসজিদের উত্তর পাশে রাস্তা সংলগ্ন প্রায় ৪ শতাংশ খালি জায়গা রয়েছে, যা বর্তমানে মসজিদের বাউন্ডারির ভেতরে। মসজিদটি বর্তমানে যথেষ্ট বড় এবং ভবিষ্যতে সম্প্রসারণের প্রয়োজন হলেও দ্বিতীয়-তৃতীয় তলা নির্মাণ কিংবা অন্য পাশের জায়গা ব্যবহার করে তা করা সম্ভব। উক্ত জায়গাটি মসজিদের জন্য ওয়াকফকৃত। ওয়াকফকারী ওয়াকফনামায় স্পষ্টভাবে উল্লেখ করে গেছেন যে, বর্তমান ও ভবিষ্যৎ কোনো মুতাওয়াল্লীর ওয়াকফকৃত সম্পত্তি বিক্রয়, হস্তান্তর বা রূপান্তর করার ক্ষমতা থাকবে না। এখন জানার বিষয় হলো, উক্ত ৪ শতাংশ ওয়াকফকৃত জায়গা বিক্রি করে তার অর্থ মসজিদের উন্নয়ন ও নির্মাণকাজে ব্যয় করা জায়েয হবে কি?
মসজিদের উন্নয়নকাজে ব্যয় করার জন্য ওয়াকফ সম্পত্তি বিক্রি করা বৈধ নয়। বিশেষত যখন ওয়াকফকারী স্পষ্টভাবে শর্ত করেছেন যে, ওয়াকফকৃত সম্পত্তি বিক্রি বা হস্তান্তর করা যাবে না। তাই প্রশ্নোক্ত ৪ শতাংশ জায়গা বিক্রি করার কোনো সুযোগ নেই।
হযরত আবদুল্লাহ ইবনে উমর রা. থেকে বর্ণিত, তিনি বলেন,
أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ أَصَابَ أَرْضًا بِخَيْبَرَ، فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَأْمِرُهُ فِيهَا، فَقَالَ: يَا رَسُولَ اللهِ، إِنِّي أَصَبْتُ أَرْضًا بِخَيْبَرَ، لَمْ أُصِبْ مَالًا قَطُّ أَنْفَسَ عِنْدِي مِنْهُ، فَمَا تَأْمُرُ بِهِ؟ قَالَ: إِنْ شِئْتَ حَبَسْتَ أَصْلَهَا، وَتَصَدَّقْتَ بِهَا. قَالَ: فَتَصَدَّقَ بِهَا عُمَرُ، أَنَّهُ لَا يُبَاعُ، وَلَا يُوهَبُ، وَلَا يُورَثُ.
হযরত উমর রা. খায়বারে একটি জমি লাভ করে রাসূলুল্লাহ ﷺ-এর কাছে এসে বললেন, ‘হে আল্লাহর রাসূল! আমি খায়বারে এমন একটি উত্তম সম্পদ লাভ করেছি, এর চেয়ে মূল্যবান সম্পদ আমি কখনো লাভ করিনি। এ ব্যাপারে আপনি আমাকে কী নির্দেশ দেন?’ রাসূলুল্লাহ ﷺ বললেন, “তুমি চাইলে এর মূল সম্পত্তি ওয়াকফ করে দিতে পার এবং এর উৎপন্ন সম্পদ সদকা করতে পার।”
অতঃপর হযরত উমর রা. তা ওয়াকফ করে দিলেন এবং শর্ত করলেন, “এই সম্পত্তি বিক্রি করা যাবে না, দান করা যাবে না এবং এর উত্তরাধিকারও চলবে না।” (সহীহ বুখারী, হাদীস নং : ২৭৩৭)
সুতরাং প্রশ্নোক্ত জায়গাটি যেহেতু মসজিদের জন্য ওয়াকফকৃত এবং ওয়াকফকারী তা বিক্রি ও হস্তান্তর নিষিদ্ধ করে গেছেন, তাই মসজিদের উন্নয়ন বা নির্মাণকাজের প্রয়োজনের অজুহাতে তা বিক্রি করা জায়েয হবে না। বরং উক্ত জায়গা ওয়াকফ হিসেবেই সংরক্ষণ করতে হবে। মসজিদের উন্নয়নকাজের জন্য প্রয়োজনীয় অর্থ অন্যান্য হালাল উপায়ে সংগ্রহ করতে হবে।
দ্রষ্টব্য:
১. রদ্দুল মুহতার, ৪/৩৮৪।
২. ফাতাওয়া হিন্দিয়া, ২/৪৫৮।
والله أعلم بالصواب