ইসলামি মাসায়েল

একবার বিসমিল্লাহ পড়ে একাধিক মুরগি জবাই করার বিধান

প্রশ্ন নং ৬০:

প্রশ্ন: কোনো ব্যক্তি একবার ‘বিসমিল্লাহি আল্লাহু আকবার’ বলে অনেকগুলো মুরগি জবাই করলে, জবাইকৃত সব মুরগির গোশত খাওয়া হালাল হবে কি? সাধারণত বিয়ে ও আকিকার অনুষ্ঠানে এভাবে মুরগি জবাই করা হয়ে থাকে। জবাইকারী এক মিনিটে দশটি মুরগি জবাই করেন এবং জবাই শুরু করার আগে একবারই দোআ পড়ে নেন। এভাবে একবার দোআ পড়ে একাধিক মুরগি জবাই করার শরয়ি বিধান কী? জানিয়ে বাধিত করবেন।

উত্তর

উত্তর:

বিসমিল্লাহির রহমানির রহীম

জবাই করার সময় প্রত্যেক প্রাণীর জন্য আলাদাভাবে ‘বিসমিল্লাহ’ পড়া জরুরি। একবার ‘বিসমিল্লাহ’ পড়ে একাধিক প্রাণী জবাই করলে তা যথেষ্ট হবে না এবং বিসমিল্লাহ না পড়া প্রাণীর গোশত খাওয়াও বৈধ হবে না।

আল্লাহ তাআলা ইরশাদ করেন—

وَلَا تَأْكُلُوا مِمَّا لَمْ يُذْكَرِ اسْمُ اللَّهِ عَلَيْهِ وَإِنَّهُ لَفِسْقٌ

অর্থ: “আর যে প্রাণীর ওপর আল্লাহর নাম নেওয়া হয়নি, তা থেকে তোমরা আহার করো না। নিশ্চয়ই তা পাপাচার।” (সুরা আল-আনআম, আয়াত: ১২১)

বিখ্যাত ফকীহ ইবনে আবেদীন শামী রহ. রদ্দুল মুহতারে উল্লেখ করেন—

لَوْ سَمَّى وَذَبَحَ بِهَا وَاحِدَةً ثُمَّ ذَبَحَ أُخْرَى، وَظَنَّ أَنَّ الْوَاحِدَةَ تَكْفِي لَهَا لَا تَحِلُّ.

অর্থ: “যদি কেউ বিসমিল্লাহ পড়ে একটি পশু জবাই করার পর আরেকটি পশু জবাই করে এই ধারণায় যে, একবার বিসমিল্লাহ পড়াই উভয় পশুর জন্য যথেষ্ট, তাহলে দ্বিতীয় পশুটি হালাল হবে না।” (রদ্দুল মুহতার, ৯/৪৩৪)

সুতরাং, প্রশ্নোক্ত পদ্ধতিতে একবার ‘বিসমিল্লাহি আল্লাহু আকবার’ পড়ে একাধিক মুরগি জবাই করা জায়েয হবে না। বরং প্রতিটি মুরগি জবাই করার সময় পৃথকভাবে বিসমিল্লাহ পড়তে হবে। যে মুরগির জবাইয়ের সময় ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ পড়া হয়নি, তার গোশত খাওয়া হালাল হবে না। তাই বিয়ে, আকিকা বা অন্য কোনো অনুষ্ঠানে মুরগি জবাই করার সময় এ বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি।

দ্রষ্টব্য:

সূরা আল-আন‘আম, আয়াত: ১১৮, ১২১।

সহিহ বুখারি, হাদিস নং: ৫৫৪৩।

সহিহ মুসলিম, হাদিস নং, ১৯৬৮।

রদ্দুল মুহতার, ৯/৪৩৪।

ফাতাওয়া তাতারখানিয়া, ১৭/৪০১।

ফাতাওয়া হিন্দিয়া, ৫/২৮৬।

আল্লাহু আলাম

উত্তরদাতা
সম্পাদকমণ্ডলী
কুরবানী ও আকীকা
পরিসংখ্যান
৬০
প্রশ্ন নম্বর
১৬৫
দেখেছেন
৪ নভেম্বর, ২০২৬
প্রকাশিত
? প্রশ্ন করুন