প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদত্ত হেলথ ইনস্যুরেন্স সুবিধা গ্রহণ করা কি বৈধ?
প্রশ্ন নং ৬৭:
আমি একটি প্রতিষ্ঠানে চাকরি করি। আমাদের প্রতিষ্ঠান একটি হেলথ ইনস্যুরেন্স কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ। এ চুক্তির আওতায় কর্মীদের কাছ থেকে কোনো মাসিক বা বাৎসরিক প্রিমিয়াম বা চার্জ নেওয়া হয় না। তবে প্রতিষ্ঠানের কোনো কর্মী অসুস্থ হলে তাঁর চিকিৎসার খরচ হেলথ ইনস্যুরেন্স কোম্পানি বহন করে। এ অবস্থায় কোম্পানির কাছ থেকে চিকিৎসার খরচ গ্রহণ করা কি শরিয়তসম্মত হবে?
উত্তর
বিসমিল্লাহির রহমানির রহীম
কোনো প্রতিষ্ঠান নিজ উদ্যোগে বা বাধ্যতামূলকভাবে কর্মীদের জন্য হেলথ ইনস্যুরেন্সের ব্যবস্থা করলে এবং এ-সংক্রান্ত চুক্তিতে কর্মীদের কোনো ভূমিকা না থাকলে, তাদের জন্য এর আওতায় চিকিৎসা গ্রহণের সুযোগ রয়েছে। বিশেষত, কর্মীদের বেতন বা অন্য কোনো প্রাপ্য থেকে এ বাবদ কোনো প্রিমিয়াম কর্তন করা না হলে এবং তারা নিজেরা ইনস্যুরেন্স কোম্পানির সঙ্গে কোনো চুক্তিতে আবদ্ধ না হলে, এ সুবিধা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদত্ত সুযোগ-সুবিধা (তাবাররু) হিসেবে গণ্য হবে। ফলে কর্মীদের জন্য এ ইনস্যুরেন্সের আওতায় চিকিৎসা গ্রহণ এবং চিকিৎসাবাবদ ব্যয়িত অর্থ গ্রহণ করা জায়েয হবে। তবে প্রচলিত বাণিজ্যিক ইনস্যুরেন্স চুক্তি শরিয়তসম্মত না হওয়ায় এ ধরনের চুক্তিতে আবদ্ধ হওয়ার গুনাহ ও শরয়ি দায়ভার চুক্তিকারী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট দায়িত্বশীলদের ওপর বর্তাবে।
সুতরাং, প্রশ্নোক্ত ক্ষেত্রে কর্মীদের কোনো ভূমিকা বা আর্থিক অংশগ্রহণ না থাকলে, তাদের জন্য প্রতিষ্ঠানের করা হেলথ ইনস্যুরেন্সের আওতায় চিকিৎসা গ্রহণ এবং শরিয়তসম্মত সীমার মধ্যে চিকিৎসার খরচ গ্রহণ করা জায়েয হবে।
দ্রষ্টব্য:
রাদ্দুল মুহতার, ৪/৪৪৩।
দারুল উলূম দেওবন্দ—ফতোয়া নং ১৫৮৯৭৪, ৬৫৩৭৩।
জামিয়া বানুরিয়া আলমিয়া—ফতোয়া নং ২৩৪৮৬, ১৪৩৬০৯২০০০৪৪।
আল্লাহু আলাম
উত্তরদাতা
পরিসংখ্যান
৬৭
প্রশ্ন নম্বর
১৭
দেখেছেন
১৭ নভেম্বর, ২০২৬
প্রকাশিত