আতিক মাহমুদ
মুফতী আতিক মাহমুদ একজন আলেম, মুফতী ও শরিয়াহ কনসালটেন্ট। বর্তমানে তিনি শরিয়াহ পরামর্শ ও কাউন্সেলিংয়ের কাজে যুক্ত রয়েছেন। ব্যক্তিগত ও পারিবারিক জীবনের নানা জটিলতা—বিশেষত বিবাহ-তালাক, দাম্পত্য কলহ, পারিবারিক সংকট ও মানসিক অস্থিরতাসহ বিভিন্ন বিষয়ে কুরআন-সুন্নাহর আলোকে পরামর্শ ও দিকনির্দেশনা দিয়ে থাকেন, পাশাপাশি দৈনন্দিন জীবনের বিভিন্ন ইসলামি প্রশ্নেরও নির্ভরযোগ্য সমাধান প্রদান করেন।
দারুল উলূম দেওবন্দ, ভারত থেকে তাকমীল ফিল হাদীস এবং জামিআ ইসলামিয়া দারুল উলূম ঢাকা থেকে তাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতা সম্পন্ন করেছেন তিনি।
দীর্ঘদিনের ইলমি ও একাডেমিক জীবনে তাফসীর, হাদিস ও ফিকহ বিষয়ে অধ্যয়ন ও পাঠদানের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত থেকেছেন। সহীহুল বুখারী ও জামে তিরমিযীর মতো উচ্চতর হাদিসগ্রন্থ পাঠদানের পাশাপাশি ফিকহের গুরুত্বপূর্ণ কিতাব ও ইলমুল ফারায়েজ (মীরাস)-ও পড়িয়েছেন। ইফতা বিভাগে অধ্যাপনার সুবাদে ফিকহি মাসআলা বিশ্লেষণ ও দলিলভিত্তিক গবেষণায় গভীর অভিজ্ঞতা অর্জন করেছেন এবং আধুনিক লেনদেন, ইসলামী অর্থনীতি ও মীরাসের ব্যবহারিক প্রয়োগসহ সমসাময়িক নানা শরিয়াহ বিষয়ে এখনও কাজ করে চলেছেন।
এর পাশাপাশি ইসলামি গবেষণা, লেখালেখি, অনুবাদ ও সম্পাদনার সঙ্গেও যুক্ত আছেন। দ্বীনি জ্ঞানকে সহজ ও বোধগম্যভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার আমাদের লক্ষ্যে বিভিন্ন পুস্তিকা ও গ্রন্থ রচনা, অনুবাদ, সম্পাদনা ও নিরীক্ষার কাজ করেছেন।
