প্রশ্ন নং ১২৭: আমি একজন সৌদি প্রবাসী। বর্তমানে কাজের সংকট ও আকামা তৈরির অতিরিক্ত খরচের কারণে অনেক প্রবাসী আকামা তৈরি করতে পারছেন না। এ অবস্থায় আকামা ছাড়া সৌদি আরবে অবস্থান করা কি বৈধ? আর এভাবে বিভিন্ন কাজের মাধ্যমে উপার্জন করা হালাল হবে? শরিয়তের দৃষ্টিতে এর সঠিক বিধান জানতে চাই।
শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার জন্য রাষ্ট্র বিভিন্ন আইন ও বিধি প্রণয়ন করে থাকে, যা মূলত সেখানকার নাগরিক ও বসবাসকারীদের সুবিধা ও কল্যাণের জন্যই প্রণীত হয়। শরিয়তবিরোধী না হলে এসব আইন মেনে চলা আবশ্যক।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন —
والمسلمونَ على شروطِهم إلَّا شرطًا حرَّم حلالًا أو أحلَّ حرامًا
” মুসলমানগণ তাদের শর্তের উপর প্রতিষ্ঠিত থাকবে, তবে এমন শর্ত নয় যা হারামকে হালাল বা হালালকে হারাম করে” (জামে তিরমিযী: ১৩৫২)
প্রখ্যাত ফকীহ ইবনে আবিদীন রহ. বলেছেন —
وتجب طاعة الإمام عادلاً كان أو جائراً إذا لم يخالف الشرع
“শাসক ন্যায়পরায়ণ হোক বা জালিম — তার এমন নির্দেশ মান্য করা আবশ্যক যা শরীয়াহবিরোধী নয়।” (রদ্দুল মুহতার, ৪/২৬৩)
সুতরাং আকামা ছাড়া সৌদি আরবে অবস্থান করা শরিয়তসম্মত নয়। এছাড়াও এভাবে অবস্থান করলে গ্রেপ্তার, জরিমানা, বহিষ্কারসহ বিভিন্ন বিপদের সম্মুখীন হওয়ার আশঙ্কা থাকে। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন —
لَا يَنْبَغِي لِلْمُؤْمِنِ أَنْ يُذِلَّ نَفْسَهُ، قَالُوا: وَكَيْفَ يُذِلُّ نَفْسَهُ؟ قَالَ: يَتَعَرَّضُ مِنَ الْبَلَاءِ لِمَا لَا يُطِيقُ
“কোনো মুমিনের জন্য নিজেকে অপমানিত করা উচিত নয়।” সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন — “কীভাবে ব্যক্তি নিজেকে অপমানিত করে?” তিনি বললেন — “এমন বিপদের সম্মুখীন হয়ে যা সে সহ্য করার ক্ষমতা রাখে না।” (জামে তিরমিযী: ২২৫৪)
তবে আকামা ছাড়া অবস্থান করা নাজায়েয হওয়া এক বিষয়, আর উপার্জনের কাজটি হালাল বা হারাম হওয়া আরেক বিষয়। অতএব, আকামা ছাড়া অবস্থান করার কারণে ব্যক্তির ওপর আইন লঙ্ঘনের গুনাহ হবে; কিন্তু সে যদি বৈধ কোনো কাজের মাধ্যমে উপার্জন করে, তাহলে শুধু আকামা না থাকার কারণে তার উপার্জন হারাম হয়ে যাবে না। বরং উপার্জনের কাজটি শরিয়তসম্মত হলে তা হালাল থাকবে।
সুতরাং আকামা ছাড়া অবস্থান করা থেকে বিরত থাকা এবং বৈধভাবে আকামা তৈরি করা কর্তব্য। তবে ইতোমধ্যে আকামা ছাড়া অবস্থান করে কোনো হালাল কাজের মাধ্যমে যে অর্থ উপার্জন করা হয়েছে, তা হারাম নয়।
দ্রষ্টব্য:
- জামে তিরমিযী, হাদীস নং ২২৫৪
- সুনানে আবু দাউদ, হাদীস নং ৩৫৯৪
- তাকমিলাতু ফাতহিল মুলহিম, ৩/৩২৩।
- রদ্দুল মুহতার, ৪/২৬৩
- بحوث في قضايا فقهية معاصرة, পৃ. ১৬৬
والله أعلم بالصواب