প্রশ্ন নং ১৩০: বিয়ের পর একসময় অভিমান করে স্ত্রীর কাছ থেকে মহর মাফ করিয়ে নিয়েছিলাম। তখন আসলে মহরের গুরুত্ব বুঝতে পারিনি এবং এটি যে স্ত্রীর আবশ্যকীয় পাওনা—এ বিষয়টিও জানতাম না। এখন আমার জানার বিষয় হলো, এভাবে স্ত্রীর কাছ থেকে মাফ নিয়ে নেওয়ার দ্বারা কি মহর মাফ হয়ে গেছে?
মহর স্ত্রীর শরিয়তসম্মত আবশ্যকীয় হক ও অধিকার, যা স্বামীর জন্য পরিশোধ করা অপরিহার্য কর্তব্য। স্ত্রী যদি সম্পূর্ণ স্বেচ্ছায় ও স্বতঃস্ফূর্তভাবে মহর মাফ করে দেন বা তার কোনো অংশ ছেড়ে দেন, তাহলে তা স্বামীর জন্য বৈধ ছাড় হিসেবে গণ্য হবে এবং ওই অংশ তাকে পরিশোধ করতে হবে না।
পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন—
وَآتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلَةً ۖ فَإِنْ طِبْنَ لَكُمْ عَنْ شَيْءٍ مِنْهُ نَفْسًا فَكُلُوهُ هَنِيئًا مَرِيئًا
“তোমরা নারীদের তাদের মহর স্বতঃস্ফূর্তভাবে প্রদান করো। অতঃপর তারা যদি স্বতঃস্ফূর্তভাবে তার কোনো অংশ তোমাদের জন্য ছেড়ে দেয়, তাহলে তা সন্তুষ্টচিত্তে গ্রহণ করো।”
(সূরা নিসা : ৪)
তবে স্ত্রী যদি সামাজিকতা, লোকলজ্জা, অভিমান, মানসিক চাপ বা অন্য কোনো কারনে মহর মাফ করে দেন, তাহলে তা শরয়ি দৃষ্টিতে স্বতঃস্ফূর্ত মাফ হিসেবে গণ্য হবে না।
প্রখ্যাত ফকীহ আল্লামা যাইনুদ্দিন ইবনে নুজাইম রহিমাহুল্লাহ বলেন—
وَلَا بُدَّ فِي صِحَّةِ حَطِّهَا مِنَ الرِّضَا حَتَّى لَوْ كَانَتْ مُكْرَهَةً لَمْ يَصِحَّ
“মহর মাফ করার শুদ্ধতার জন্য স্ত্রীর সম্মতি থাকা আবশ্যক। অতএব, তাকে বাধ্য করা হলে তা গ্রহণযোগ্য হবে না।”
(আল-বাহরুর রায়েক, ৩/২৬৪)
হাদীস শরীফে রাসুলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন—
أَلَا لَا تَظْلِمُوا، أَلَا لَا يَحِلُّ مَالُ امْرِئٍ إِلَّا بِطِيبِ نَفْسٍ مِنْهُ
“সাবধান! তোমরা জুলুম করো না। জেনে রাখো, কোনো ব্যক্তির সম্পদ তার অন্তরের সন্তুষ্টি ব্যতীত হালাল নয়।”
(মুসনাদে আহমাদ, হাদীস নং ২৩৬০৫)
সুতরাং প্রশ্নে বর্ণিত অবস্থায় যদি স্ত্রী শুধু অভিমানের কারণে মহর মাফ করে দিয়ে থাকেন এবং অন্তর থেকে স্বতঃস্ফূর্তভাবে তা মাফ না করে থাকেন, তাহলে মহর মাফ হয়েছে বলে গণ্য হবে না। এ ক্ষেত্রে স্ত্রীর যে পরিমাণ মহর পাওনা রয়েছে, তা তাকে পরিশোধ করা আপনার জন্য আবশ্যক। তার সম্মতি ছাড়া ওই সম্পদ ভোগ করা বৈধ হবে না।
দ্রষ্টব্য:
- সূরা আন-নিসা : ৪
- মুসনাদে আহমাদ, হাদীস নং ২৩৬০৫
- ফাতাওয়া হিন্দিয়্যাহ, ১/৩১৩
- আল-বাহরুর রায়েক, ৩/২৬৪
- রদ্দুল মুহতার, ৩/১১৩
و الله أعلم بالصواب