প্রশ্ন নং ১৫৬:
সূরা ফাতিহা ও অন্যান্য সূরাকে এক নিঃশ্বাসে মিলিয়ে একটি আয়াতের মতো বানিয়ে পড়ার বিধান কী? অথচ একটি সূরায় বহু দিকনির্দেশনা থাকে এবং সেগুলোকে নিঃশ্বাস ছেড়ে আলাদা আলাদা করার বিধান রয়েছে।
সূরা ফাতিহায় প্রতিটি আয়াত আলাদা আলাদা নিঃশ্বাসে পড়া উত্তম। কেননা প্রতিটি আয়াতে তিলাওয়াতকারীকে আল্লাহ তায়ালার পক্ষ থেকে উত্তর দেওয়া হয়। আর অন্যান্য সূরায় ওয়াক্ফের চিহ্নসমূহের খেয়াল রেখে তিলাওয়াত করা উচিত। কারণ এই চিহ্নগুলো অর্থের দিক বিবেচনা করেই নির্ধারণ করা হয়েছে। তিলাওয়াত করার সময় সর্বদা ধীরস্থিরতা ও গাম্ভীর্য বজায় রাখা উচিত। এক নিঃশ্বাসে অধিক আয়াত পড়ে ফেলা কোনো প্রশংসনীয় বা কৃতিত্বের বিষয় নয়।
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন,
قَسَمْتُ الصَّلَاةَ بَيْنِي وَبَيْنَ عَبْدِي نِصْفَيْنِ، وَلِعَبْدِي مَا سَأَلَ، فَإِذَا قَالَ الْعَبْدُ: الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، قَالَ اللَّهُ تَعَالَى: حَمِدَنِي عَبْدِي، وَإِذَا قَالَ: الرَّحْمَنِ الرَّحِيمِ، قَالَ اللَّهُ تَعَالَى: أَثْنَى عَلَيَّ عَبْدِي، وَإِذَا قَالَ: مَالِكِ يَوْمِ الدِّينِ، قَالَ: مَجَّدَنِي عَبْدِي…
“আমি নামাযকে (অর্থাৎ সূরা ফাতিহাকে) আমার ও আমার বান্দার মধ্যে দুই ভাগে ভাগ করেছি, আর আমার বান্দা যা চাইবে তা-ই পাবে। বান্দা যখন বলে, আলহামদু লিল্লাহি রাব্বিল আলামীন, তখন আল্লাহ তায়ালা বলেন, আমার বান্দা আমার প্রশংসা করল। আর বান্দা যখন বলে, আর-রাহমানির রাহীম, তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার গুণগান করল। এবং বান্দা যখন বলে, মালিকি ইয়াওমিদ্দীন, তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার মর্যাদা ও শ্রেষ্ঠত্ব বর্ণনা করল…।”
قَالَ تَعَالَى: ﴿وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيلاً﴾ [المزمل: ٤] أَيْ اِقْرَأْهُ عَلَى تَمَهُّلٍ، فَإِنَّهُ يَكُونُ عَوْنًا عَلَى فَهْمِ الْقُرْآنِ وَتَدَبُّرِهِ… وَتَحْسِينِ الصَّوْتِ بِالْقِرَاءَةِ.
আল্লাহ তায়ালা ইরশাদ করেন, ‘এবং কুরআন তিলাওয়াত করুন ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে।’ (সূরা আল-মুযযাম্মিল: ৪)। অর্থাৎ ধীরস্থিরতার সাথে তিলাওয়াত করুন; কারণ তা কুরআন অনুধাবন ও গবেষণায় সহায়ক হয়। (তাফসীরে ইবনে কাসীর ১৩৮৭)
হযরত কাতাদাহ (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত আনাস ইবনে মালিক (রা.)-কে জিজ্ঞেস করা হয়েছিল, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর তিলাওয়াত কেমন ছিল? তিনি উত্তরে বললেন,
كَانَتْ مَدًّا، ثُمَّ قَرَأَ: “بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ”، يَمُدُّ بِبِسْمِ اللَّهِ، وَيَمُدُّ بِالرَّحْمَنِ، وَيَمُدُّ بِالرَّحِيمِ
তাঁর তিলাওয়াত ছিল টেনে টেনে (মাদ্দযুক্ত)। অতঃপর তিনি পড়ে শোনালেন, ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’; তিনি বিসমিল্লাহ-কে টেনে পড়তেন, আর-রাহমান-কে টেনে পড়তেন এবং আর-রাহীম-কে টেনে পড়তেন। (সহিহ বুখারি ৫০৪৬)
উম্মুল মুমিনীন হযরত উম্মে সালামাহ (রা.) থেকে বর্ণিত, তাঁকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর তিলাওয়াত পদ্ধতি সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন,
كَانَ يُقَطِّعُ قِرَاءَتَهُ آيَةً آيَةً، “بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ”، “الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ”، “الرَّحْمَنِ الرَّحِيمِ”، “مَالِكِ يَوْمِ الدِّينِ”
“তিনি তাঁর তিলাওয়াতকে আয়াতভিত্তিক আলাদা আলাদা (থামিয়ে থামিয়ে) পড়তেন—বিসমিল্লাহির রাহমানির রাহীম, অতঃপর আলহামদু লিল্লাহি রাব্বিল আলামীন, অতঃপর আর-রাহমানির রাহীম, অতঃপর মালিকি ইয়াওমিদ্দীন।” (মুসনাদে আহমাদ ৬/৩০২; আবু দাউদ ৪০০১; তিরমিযি ২৯২৭)
ওয়াল্লাহু আ’লাম