ইসলামি মাসায়েল

জানাযার দোয়া মুখস্থ না থাকলে করণীয় ও নামাজের বিধান

প্রশ্ন নং ৬৮:

আমি জানাযার নামাজের দোয়া মুখস্থ জানি না। তাই জানাযার নামাজে দোয়া পড়ার সময় চুপচাপ দাঁড়িয়ে থাকি। এ অবস্থায় আমার জানাযার নামাজ কি আদায় হবে? দোয়া মুখস্থ না থাকলে আমার করণীয় কী?

উত্তর
বিসমিল্লাহির রহমানির রহিম
জানাযার নামাজে তৃতীয় তাকবিরের পর মৃত ব্যক্তির জন্য দোয়া করা সুন্নাহ। তাই এ সময় দোয়া পড়া উচিত। হযরত আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানাযার নামাজে নিম্নোক্ত দোয়াটি পড়তেন—
اللَّهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا، وَشَاهِدِنَا وَغَائِبِنَا، وَصَغِيرِنَا وَكَبِيرِنَا، وَذَكَرِنَا وَأُنْثَانَا، اللَّهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيِهِ عَلَى الْإِسْلَامِ، وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الْإِيمَانِ
(সুনানে আবু দাউদ, হাদিস নং ৩২০১)
তাই জানাজার নামাজের এ দোয়াটি মুখস্থ করে নেওয়া উচিত। তবে কারও এ দোয়া মুখস্থ না থাকলে কুরআন-হাদিসে বর্ণিত অন্য কোনো দোয়া পড়তে পারবেন। এমনকি সংক্ষিপ্ত দোয়া পড়লেও চলবে।
প্রখ্যাত হানাফি ফকীহ আল্লামা ইবনে নুজাইম রহিমাহুল্লাহ লিখেছেন, যে ব্যক্তি জানাজার দোয়া যথাযথভাবে পড়তে পারে না, সে বলবে,
‘اللَّهُمَّ اغْفِرْ لِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ’
(আল-বাহরুর রায়িক, ২/১৯৬)
জানাজার নামাজে দোয়া পড়া সুন্নাহ হওয়ায় তা ছুটে গেলে নামাজ নষ্ট হয় না।
সুতরাং, জানাজার নামাজে দোয়া মুখস্থ না থাকায় আপনি যদি তৃতীয় তাকবিরের পর চুপচাপ দাঁড়িয়ে থাকেন, তবুও আপনার জানাজার নামাজ আদায় হয়ে গেছে; তা পুনরায় পড়তে হবে না। তবে ভবিষ্যতে চুপচাপ দাঁড়িয়ে না থেকে অন্তত ‘اللَّهُمَّ اغْفِرْ لِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ’ দোয়াটি অথবা অন্য কোনো দোআ পড়বেন এবং ধীরে ধীরে জানাজার পূর্ণ দোয়া মুখস্থ করে নেবেন।
দ্রষ্টব্য:
১. সুনানে আবু দাউদ, হাদিস নং ৩২০১।
২. আল-বাহরুর রায়িক, ২/১৯৬।
৩. ফাতহুল কাদীর, ১/২৪১।
৪. হাশিয়াহ ইবনে আবেদীন: ১/৫২১অ
আল্লাহু আ’লাম
উত্তরদাতা
মুফতী আবদুল্লাহ
কুরআন ও তাফসির, ফিকহ ও ফতোয়া
সালাত - নামায
পরিসংখ্যান
৬৮
প্রশ্ন নম্বর
১৭
দেখেছেন
১৭ নভেম্বর, ২০২৬
প্রকাশিত
? প্রশ্ন করুন