ইসলামি মাসায়েল

আনঅফিসিয়াল মোবাইল ফোন ক্রয় ও ব্যবহারের বিধান

প্রশ্ন নং ৭০:

আমি একটি মোবাইল ফোন কিনতে চাই। কোম্পানির শোরুম থেকে কিনলে ফোনটির মূল্য ৫৬ হাজার টাকা। কিন্তু অন্য একটি দোকানে একই ফোন আনঅফিসিয়ালভাবে ৪৮ হাজার টাকায় পাওয়া যাচ্ছে।

এ অবস্থায় অন্য দোকান থেকে ৪৮ হাজার টাকায় আনঅফিসিয়াল ফোনটি ক্রয় করা কি শরিয়তসম্মত হবে?

উত্তর

بسم الله الرحمن الرحيم

আনঅফিসিয়াল পণ্য বলতে সাধারণত এমন পণ্যকে বোঝায়, যা প্রচলিত সরকারি আমদানি-প্রক্রিয়া বা শুল্ক পরিশোধের বিধান অনুসরণ না করে দেশে আনা হয়েছে বা বাজারজাত করা হয়েছে। এ ধরনের পণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে দুটি বিষয় বিবেচনা করতে হবে।

প্রথমত—ক্রয়-বিক্রয়ের বৈধতা:
কোনো পণ্য বৈধভাবে কারও মালিকানায় আসার পর মূলত তার মালিক নিজ সম্পদে বৈধভাবে লেনদেন করার অধিকার রাখেন। ফিকহের কিতাবে এসেছে,

المالك للشيء هو الذي يتصرف فيه باختياره ومشيئته

“কোনো বস্তুর মালিক নিজ ইচ্ছা ও পছন্দ অনুযায়ী তাতে হস্তক্ষেপ করার অধিকার রাখে।”
(বাদায়েউস সানায়ে, ২/৬৩৮)

আর মাজাল্লাতুল আহকামিল আদলিয়্যাহর মূলনীতিতে বলা হয়েছে—

كُلٌّ يَتَصَرَّفُ فِي مِلْكِهِ كَيْفَ شَاءَ

“প্রত্যেক ব্যক্তি তার নিজ মালিকানাধীন সম্পদে যেভাবে ইচ্ছা হস্তক্ষেপ করতে পারে।”
(মাজাল্লাতুল আহকামিল আদলিয়্যাহ, মাদ্দাহ: ১১৯২; শারহুল মাজাল্লাহ, রুস্তম বায, ১/৬৫৪)

তাই ফোনটি চোরাই বা অন্যের অধিকারভুক্ত না হলে এবং এর ক্রয়-বিক্রয়ের মধ্যে অন্য কোনো শরিয়তবিরোধী বিষয় না থাকলে, শুধু ‘আনঅফিসিয়াল’ হওয়ার কারণে ফোনটি ক্রয় করা বা ব্যবহার করা নাজায়েয হবে না।

দ্বিতীয়ত—রাষ্ট্রীয় আইন মেনে চলা:
রাষ্ট্র জনস্বার্থে যে আইন ও বিধিবিধান প্রণয়ন করে, তা শরিয়তবিরোধী না হলে মেনে চলা কর্তব্য। তাই আইন লঙ্ঘন করে বাজারজাত করা পণ্য ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকা উচিত। এ ধরনের পণ্য ক্রয়ের মাধ্যমে নিজেকে আইনগত ঝুঁকির মধ্যে ফেলাও সমীচীন নয়।

দ্রষ্টব্য:
১. বাদায়েউস সানায়ে ফি তারতীবিশ শারায়ে — ২/৬৩৮, ৫/১২৯।
২. শরহুল মাজাল্লাহ, ১/৬৫৪; মাদ্দাহ: ১১৯২।
৩. শরহুল মাজাল্লাহ, আতাসি — ৪/১৪০; মাদ্দাহ: ১১৯৭।
৪. আল-হিদায়া — ৪/৪৭২।
৫. রদ্দুল মুহতার আলাদ দুররিল মুখতার — ৬/৩৯৯।
৬. তাকমিলাতু ফাতহিল মুলহিম বি শারহি সহিহ মুসলিম — ৩/৩২৩–৩২৪।

والله أعلم بالصواب

উত্তরদাতা
মুফতী আবদুল্লাহ
কুরআন ও তাফসির, ফিকহ ও ফতোয়া
আধুনিক মাসায়েল
পরিসংখ্যান
৭০
প্রশ্ন নম্বর
২৯৮
দেখেছেন
২৪ সেপ্টেম্বর, ২০২৬
প্রকাশিত
? প্রশ্ন করুন