প্রশ্ন নং ১৪৫:
পুরুষের জন্য রুপার আংটি ব্যবহার করা কি জায়েয? জায়েয হলে সর্বোচ্চ কতটুকু রুপা দিয়ে আংটি বানানো যাবে? শরিয়তে কি এ বিষয়ে নির্দিষ্ট কোনো ওজনের সীমা রয়েছে?
بسم الله الرحمن الرحيم
পুরুষের জন্য রুপার আংটি ব্যবহার করা জায়েয। তবে তা এক মিসকাল থেকে কম ওজনের হতে হবে।
হযরত বুরাইদা (রা.) থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে জিজ্ঞেস করলেন, ‘আমি কীসের আংটি ব্যবহার করব?’ তখন তিনি বললেন,
مِنْ وَرِقٍ، وَلَا تُتِمَّهُ مِثْقَالًا
“রুপার; তবে তা এক মিসকাল পূর্ণ করো না।” —সুনানে তিরমিযী, হাদিস ১৭৮৫; সুনানে আবু দাউদ, হাদিস ৪২২৩।
এ হাদিসের ভিত্তিতে ফকীহগণ পুরুষের রুপার আংটির ওজনের ক্ষেত্রে এক মিসকাল সীমা উল্লেখ করেছেন। ইমাম কাসানী (রহ.) বলেন—
وَلَا يَزِيدُ عَلَى الْمِثْقَالِ
“(রুপার আংটি) এক মিসকালের বেশি হবে না।” —বাদায়েউস সানায়ে, ৫/১৩৩।
বিশুদ্ধতম মত অনুযায়ী এক মিসকাল প্রায় ৪.৩৭৪ গ্রাম। অতএব, পুরুষের জন্য ৪.৩৭৪ গ্রামের চেয়ে কম রুপা দিয়ে আংটি বানিয়ে ব্যবহার করা জায়েয। এর চেয়ে বেশি রুপা দিয়ে আংটি বানানো জায়েয হবে না।
দ্রষ্টব্য: সুনানে তিরমিযী, হাদিস ১৭৮৫; সুনানে আবু দাউদ, হাদিস ৪২২৩; বাদায়েউস সানায়ে, ৫/১৩৩; বুস্তানুল আরিফীন, পৃ. ৮১; আল-মুহীতুল বুরহানী, ৮/৫০; ইলাউস সুনান, ১৭/৩২৫; আওযানে শারইয়্যাহ, পৃ. ৪০।
والله تعالى أعلم بالصواب