ইসলামি মাসায়েল

মৃত প্রাণী বিক্রি বা বিনামূল্যে কাউকে দিয়ে দেওয়ার বিধান

প্রশ্ন নং ১৪০:

আমাদের এলাকায় কারও গরু, ছাগল বা মুরগি মারা গেলে একটি অমুসলিম সম্প্রদায়, যাদেরকে আমরা চামার বা মুচি বলি, তারা এসে বিনামূল্যে তা নিয়ে যায়। প্রশ্ন হলো, মৃত প্রাণী এভাবে তাদের দিয়ে দেওয়া কি জায়েয? অথবা কেউ যদি টাকা দিয়ে নিতে চায়, তাহলে বিনিময় হিসেবে টাকা নেওয়া জায়েয হবে কি?

উত্তর

بسم الله الرحمن الرحيم

মৃত প্রাণী কারও কাছে বিক্রি করা বা কাউকে বিনামূল্যে দিয়ে দেওয়া—উভয়টিই নাজায়েয। তা মাটিচাপা দিয়ে দেওয়াই উত্তম।
আল্লাহ তাআলা ইরশাদ করেন

﴿حُرِّمَتْ عَلَيْكُمُ الْمَيْتَةُ﴾

“তোমাদের জন্য মৃত প্রাণী হারাম করা হয়েছে।”  (সূরা আল-মায়েদা, ৫:৩)
জাবির ইবনে আব্দুল্লাহ রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,

إن اللهَ ورسولَه حرم بيعَ الخمر والميتة والخنزير والأصنام

“নিশ্চয়ই আল্লাহ ও তাঁর রাসূল মদ, মৃত প্রাণী, শূকর ও মূর্তি বিক্রি করা হারাম করেছেন।”  (সহিহ বুখারি, হাদিস নং ২২৩৬; সহিহ মুসলিম, হাদিস নং ১৫৮১)
ফাতাওয়া হিন্দিয়্যাতে এসেছে,

وأما شرائطها فأنواع، ومنها: أن يكون مالاً متقوماً، فلا تجوز هبة ما ليس بمال أصلاً كالحر والميتة والدم وصيد الحرم والخنزير

“হিবা বৈধ হওয়ার একটি শর্ত হলো, হিবাকৃত বস্তু এমন সম্পদ হতে হবে, যা শরিয়তের দৃষ্টিতে মূল্যবান ও বৈধভাবে সম্পদ হিসেবে গণ্য। সুতরাং যেসব বস্তু মূলত সম্পদই নয়, সেগুলো হিবা করা বৈধ নয়। যেমন—স্বাধীন মানুষ, মৃত প্রাণী, রক্ত, হারাম এলাকার শিকার ও শূকর।”  (আল-ফাতাওয়াল হিন্দিয়্যা, ৪/৩৭৪)
অতএব, মৃত গরু, ছাগল বা মুরগি অমুসলিম সম্প্রদায়ের লোকদের বিনামূল্যে দিয়ে দেওয়া জায়েয নয়। একইভাবে, এর বিনিময়ে টাকা নেওয়াও জায়েয নয়। তা মাটিচাপা দিয়ে দেওয়াই উত্তম।

দ্রষ্টব্য:
১. আল-কাওকাবুদ দুররী আলা জামিইত তিরমিযী — ২/৩২৯।
২. আত-তামহীদ — ১/৫১।
৩. মাওয়াহিবুল জলীল ফি শরহি মুখতাসারি খলীল — ১/৬।

والله أعلم بالصواب

উত্তরদাতা
মুফতী ইলিয়াস আশরাফ
ফিকহ, ফিকহ ও ফতোয়া
লেনদেন ও ব্যবসা বাণিজ্য
পরিসংখ্যান
১৪০
প্রশ্ন নম্বর
৩৬৫
দেখেছেন
২৪ সেপ্টেম্বর, ২০২৬
প্রকাশিত
? প্রশ্ন করুন