প্রশ্ন নং ১৪২:
আমার দুই ছেলে। বড় ছেলের বয়স ২৮ বছর এবং ছোট ছেলের বয়স ২৪ বছর। বড় ছেলে বর্তমানে বিয়ের জন্য তেমন আগ্রহী নয়; সে আরও কিছুদিন পর বিয়ে করতে চায়। অন্যদিকে ছোট ছেলে এখন বিয়ের জন্য আগ্রহী এবং একটি সম্মন্ধও এসেছে। কিন্তু আত্মীয়স্বজনের অনেকে বলছেন, বড় ভাইয়ের আগে ছোট ভাইয়ের বিয়ে দেওয়া ঠিক নয়।
এ অবস্থায় পরিবারের অভিভাবক হিসেবে আমার করণীয় কী? বড় ভাইয়ের আগে ছোট ভাইয়ের বিয়ে দেওয়া কি শরিয়তসম্মত? এ ক্ষেত্রে ইসলামের বিধান কী?
ছেলে প্রাপ্তবয়স্ক ও বিয়ের উপযুক্ত হলে তার বিয়ের ব্যবস্থা করা বাবার দায়িত্ব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
مَنْ وُلِدَ لَهُ وَلَدٌ فَلْيُحْسِنِ اسْمَهُ وَأَدَبَهُ، فَإِذَا بَلَغَ فَلْيُزَوِّجْهُ، فَإِذَا بَلَغَ وَلَمْ يُزَوِّجْهُ فَأَصَابَ إِثْمًا فَإِنَّمَا إِثْمُهُ عَلَى أَبِيهِ
“যার সন্তান জন্মগ্রহণ করে, সে যেন তার সুন্দর নাম রাখে এবং তাকে আদব শেখায়। সন্তান বালেগ হলে তার বিবাহের ব্যবস্থা করবে। বালেগ হওয়ার পর তার বিবাহ না দিলে এবং সে কোনো গুনাহে লিপ্ত হলে সেই গুনাহ তার পিতার ওপর বর্তাবে।”
(শুআবুল ঈমান, হাদিস নং: ৮২৯৯)
আর বড় ছেলের আগে ছোট ছেলেকে বিয়ে করানোর ব্যাপারে শরিয়তে কোনো নিষেধাজ্ঞা নেই। বিয়ের ক্ষেত্রে বড়-ছোটের ধারাবাহিকতা বজায় রাখা শরিয়তের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়। বরং যার বিয়ের প্রয়োজন রয়েছে এবং বিয়ের উপযুক্ত, তার বিয়ের ব্যবস্থা করা উচিত।
আব্দুল্লাহ ইবনে মাসউদ রা. থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
يَا مَعْشَرَ الشَّبَابِ، مَنِ اسْتَطَاعَ مِنْكُمُ الْبَاءَةَ فَلْيَتَزَوَّجْ
“হে যুবসমাজ! তোমাদের মধ্যে যে ব্যক্তি বিবাহের সামর্থ্য রাখে, সে যেন বিবাহ করে।” (সহিহ বুখারি, হাদিস নং: ৫০৬৬)
সুতরাং, ছোট ছেলে বিয়ের উপযুক্ত হওয়া সত্ত্বেও শুধু বড় ছেলের এখনো বিয়ে হয়নি—এ কারণে তার বিয়ে বিলম্বিত করা উচিত নয়। উপযুক্ত সম্বন্ধ পাওয়া গেলে ছোট ছেলের বিয়ে দেওয়া শরিয়তসম্মত।
والله أعلم بالصواب