প্রশ্ন নং ১৪৩:
আমার বিয়ের সময় কাজি সাহেব বিয়ে পড়ানোর সময় আমাকে বলেন, “তোমার সঙ্গে অমুকের মেয়ে অমুককে এত টাকা মহরে বিয়ে দিলাম। তুমি কি রাজি?” তখন আমি “কবুল” না বলে “আলহামদুলিল্লাহ, আমীন” বলি। এভাবে “কবুল” শব্দের পরিবর্তে “আলহামদুলিল্লাহ আমীন” বলার দ্বারা কি আমার বিয়ে সহিহ হয়েছে?
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনাদের বিবাহ সহিহ হয়েছে। কেননা, বিবাহ সহিহ হওয়ার জন্য নির্দিষ্টভাবে ‘কবুল’ শব্দ উচ্চারণ করা শর্ত নয়; বরং ইজাবের পর এমন কোনো শব্দে সম্মতি প্রকাশ করাই যথেষ্ট, যা দ্বারা প্রস্তাব গ্রহণের অর্থ ও উদ্দেশ্য প্রকাশ পায়।
এ প্রসঙ্গে ইবনে আবিদীন রাহিমাহুল্লাহ বলেন,
وعبارة الفتح لما علمنا أن الملاحظة من جهة الشرع في ثبوت الانعقاد ولزوم حكمه جانب الرضا فعدينا حكمه إلى كل لفظ يفيد ذلك.
‘‘শরিয়তের দৃষ্টিতে বিবাহের আকদ সংঘটিত হওয়া ও তার বিধান আবশ্যক হওয়ার ক্ষেত্রে মূল বিষয় যেহেতু সম্মতি, তাই যে কোনো এমন শব্দকেই এর অন্তর্ভুক্ত ধরা হবে, যা সম্মতি প্রকাশ করে।‘‘ (রদ্দুল মুহতার ৩/১১, মাকতাবা শামেলা)
সুতরাং, কাজি সাহেবের ইজাবের জবাবে আপনি ‘কবুল’ না বলে ‘আলহামদুলিল্লাহ আমীন’ বলে সম্মতি প্রকাশের দ্বারা বিবাহ সহিহ হয়েছে।
দ্রষ্টব্য:
খুলাসাতুল ফাতাওয়া, কিতাবুন নিকাহ, ২/৩
রদ্দুল মুহতার, ৩/১১
ফাতাওয়ায়ে হাক্কানিয়্যাহ, ৪/৩১৭
আহসানুল ফাতাওয়া, ৫/৩৬–৩৮
و الله أعلم بالصواب.