প্রশ্ন নং ১৪৮:
আমি যোহরের নামাযের ওয়াক্ত প্রায় শেষ হয়ে আসার সময় নামাযে দাঁড়াই। নামাযের মাঝপথে হঠাৎ আমার হায়েয (মাসিক) শুরু হয়ে যায়। ফলে আমি নামায অসম্পূর্ণ রেখেই ছেড়ে দিই। এখন আমার জানার বিষয় হলো, এ অবস্থায় হায়েয থেকে পবিত্র হওয়ার পর ওই যোহরের নামায কি আমাকে কাযা করতে হবে? নাকি নামায আদায়রত অবস্থায় হায়েয শুরু হওয়ার কারণে ওই নামাযের কাযা আমার ওপর আবশ্যক হবে না?
بسم الله الرحمن الرحيم
কোনো নারী নামায আদায়রত অবস্থায় হায়েযগ্রস্ত হয়ে গেলে নামায ছেড়ে দেবে। পরবর্তীতে পবিত্র হওয়ার পর ওই নামাযের কাযা করতে হবে না। এমনকি ওয়াক্তের একেবারে শেষ সময়ে নামায শুরু করার পর হায়েয শুরু হলেও ওই নামাযের কাযা আবশ্যক না।
তাবেঈ হযরত ইবরাহীম নাখঈ (রহ.) বলেন—
إِذَا حَاضَتِ الْمَرْأَةُ فِي وَقْتِ صَلَاةٍ، فَلَيْسَ عَلَيْهَا أَنْ تَقْضِيَ تِلْكَ الصَّلَاةَ
“কোনো নারীর নামাযের ওয়াক্তে হায়েয শুরু হলে ওই নামাযের কাযা তার ওপর আবশ্যক নয়।” (কিতাবুল আসার, ইমাম মুহাম্মদ (রহ.), রেওয়ায়াত ৫১)
আল ফাতাওয়া আল হিন্দিয়া-তে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে—
لَوِ افْتَتَحَتِ الصَّلَاةَ فِي آخِرِ الْوَقْتِ ثُمَّ حَاضَتْ لَا يَلْزَمُهَا قَضَاءُ هَذِهِ الصَّلَاةِ
“কোনো নারী ওয়াক্তের শেষ সময়ে নামায শুরু করার পর হায়েযগ্রস্ত হলে ওই নামাযের কাযা তার ওপর আবশ্যক হবে না।” (ফাতাওয়া হিন্দিয়া, ১/৩৮)
সুতরাং, প্রশ্নোক্ত অবস্থায় হায়েয থেকে পবিত্র হওয়ার পর ওই যোহরের নামায কাযা করা আপনার উপর আবশ্যক না।
দ্রষ্টব্য: কিতাবুল আছল ১/২৮৬; খিযানাতুল আকমাল ১/৬৮; আযযাখীরাতুল বুরহানিয়া ১/৪১৩; রদ্দুল মুহতার ১/২৯১
والله تعالى أعلم بالصواب