প্রশ্ন নং ১৪৯:
আমাদের বাসায় একটি কাচের টেবিল রয়েছে। আমার ছোট ভাইকে টেবিলে বসালে মাঝে মাঝে প্রস্রাব করে দেয়। তখন আমরা কাপড় দিয়ে টেবিলটি ভালোভাবে মুছে পরিষ্কার করে ফেলি। জানার বিষয় হলো, শুধু কাপড় দিয়ে মুছে নিলেই কি কাচের টেবিলটি পবিত্র হয়ে যাবে, নাকি পানি দিয়ে ধৌত করা আবশ্যক?
بسم الله الرحمن الرحيم
কাচের টেবিলে প্রস্রাব লাগার পর পরিষ্কার কাপড় দিয়ে ভালোভাবে মুছে নাপাকির দাগ, গন্ধ ও অন্যান্য প্রভাব দূর করা হলে টেবিলটি পাক হয়ে যাবে। পানি দিয়ে ধোয়া জরুরি নয়। কারণ, কাচের মতো মসৃণ ও ছিদ্রহীন বস্তু নাপাকি শোষণ করে না। তাই এ ধরনের বস্তু থেকে মোছার মাধ্যমে নাপাকির প্রভাব দূর করা হলেই তা পাক হয়ে যায়।
প্রখ্যাত ফকীহ ইবনে আবেদীন (রহ.) বলেন—
وَيَطْهُرُ صَقِيلٌ لَا مَسَامَ لَهُ كَمِرْآةٍ وَظُفُرٍ وَعَظْمٍ … بِمَسْحٍ يَزُولُ بِهِ أَثَرُهَا مُطْلَقًا بِهِ يُفْتَى.
“মসৃণ ও ছিদ্রহীন বস্তু—যেমন আয়না, নখ, হাড়, কাচ ও রং ইত্যাদি—নাপাকির প্রভাব দূর হয়ে যায় এমনভাবে মুছে দিলে তা পাক হয়ে যায়। এ মতের ওপরই ফতোয়া দেওয়া হয়।” (রদ্দুল মুহতার, ১/৩১১)
সুতরাং, প্রশ্নোক্ত ক্ষেত্রে শিশুর প্রস্রাব লাগার পর কাচের টেবিলটি পবিত্র কাপড় দিয়ে ভালোভাবে মুছে নাপাকির দাগ, গন্ধ ও অন্যান্য প্রভাব দূর করে দিলেই টেবিলটি পাক হয়ে যাবে; পানি দিয়ে ধোয়া আবশ্যক হবে না।
দ্রষ্টব্য:
রদ্দুল মুহতার, ১/৩১১,
ফাতাওয়া হিন্দিয়া, ১/৪১,
والله تعالى أعلم بالصواب